# গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টায় ছয়জনকে কারাদণ্ড

*গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাইয়ের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
- ছয়টি ঘোড়ার মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে।
- দুজনকে ছয় মাস এবং চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। ছয়টি ঘোড়ার মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখা হয়।

আজ শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের খোদ্দ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খোদ্দ রসুলপুর গ্রামের খায়রুল ইসলামের চাতালের একটি ঘরে মাংস কাটাকাটি চলছিল। বৃষ্টি নেই কিন্তু ঘরের ভেতরে মাংস কাটাকাটি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তাঁরা এগিয়ে গিয়ে দেখেন ভেতরে ঘোড়া জবাই করে মাংস কাটাকাটি চলছে। এগুলো গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো। পরে সাদুল্লাপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ছয়টি ঘোড়ার মাংস জব্দ করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেন। পরে পুলিশ তাঁদের আটক দেখিয়ে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। দুপুরের দিকে জব্দ করা মাংসগুলো ইউএনও এবং পুলিশসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রামের ফাঁকা জমিতে মাটির নিচে পুঁতে রাখা হয়।

ইউএনও মাহমুদুল হাসান গণমাধ্যমকর্মীদের জানান, জব্দ করা মাংসগুলো যাচাই–বাছাই করে ঘোড়ার মাংস বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেন। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, পরে বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালতে আটক ছয়জনের মধ্যে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড এবং অপর চারজনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/gaibandha-horse-slaughter-attempt
