# ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, ভাতা ও সহায়তা বাড়বে

*আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- ৪১ লাখ নারী পাবে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের ভাতা বাড়বে
- ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের জন্য ট্রেনে বিনামূল্যে ভ্রমণ এবং মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। সেই সঙ্গে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের ভাতা ও আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব এসেছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব সিনিয়র সিটিজেন তথা জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ এবং মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে নতুন বাজেটে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। আজ বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদে বাজেট পেশ করেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের আওতায় পরিবারের প্রধান নারী সদস্যকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বয়স্ক ভাতা কর্মসূচিতে বর্তমানে ৬১ লাখ ব্যক্তি মাসে ৬৫০ টাকা করে ভাতা পান। আগামী অর্থবছরে ভাতার পরিমাণ ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬২ লাখ করা হবে।

বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা কর্মসূচিতে ভাতার পরিমাণ ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। এ কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৩০ লাখে উন্নীত করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও বাড়ছে ভাতা ও শিক্ষা সহায়তা। বর্তমানে ৩৪ লাখ ৫০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি মাসে ৯০০ টাকা ভাতা পান। আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখ এবং ভাতা ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করা হচ্ছে। বর্তমানে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হলেও আগামী অর্থবছরে তা বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা ৬০ হাজার থেকে বাড়িয়ে ৬৫ হাজার করা হবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/family-card-41-lakh-families-benefits-increase
