# ডেঙ্গু প্রতিরোধে জাতীয় উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

*স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- ডেঙ্গু রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে বলেন স্বাস্থ্যমন্ত্রী।
- দেশের প্রত্যেক নাগরিককে ডেঙ্গু প্রতিরোধের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
- ডেঙ্গু পরিস্থিতিকে ‘টোটাল ফাইট’ আখ্যা দিয়ে জাতীয় উদ্যোগের প্রয়োজন জানান মন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু রোগের চিকিৎসার চেয়ে মশাবাহিত এই রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি দেশের প্রত্যেক নাগরিককে ডেঙ্গু প্রতিরোধের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট–বিষয়ক একটি জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়, এটি পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ সংকট মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতালের দায়িত্ব নয়; বরং দেশের প্রত্যেক নাগরিককে এতে সম্পৃক্ত হতে হবে।

ডেঙ্গু পরিস্থিতিকে ‘টোটাল ফাইট’ আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান এবং কচুরিপানাযুক্ত এলাকা পরিষ্কার না করলে এ যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। একক কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে এ সংকট মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত জাতীয় উদ্যোগ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিরোধব্যবস্থা শতভাগ কার্যকর করা কঠিন। তাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সঠিক চিকিৎসা নিশ্চিত করার ওপর।’

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্লাজমা লিকেজ সময়মতো শনাক্ত করা। রোগীর অবস্থা কখন সংকটজনক পর্যায়ে যাচ্ছে, সে বিষয়ে সতর্ক নজর রাখতে হবে।

সোসাইটি অব মেডিসিনের নেতৃত্বে চিকিৎসকদের সঠিক চিকিৎসা প্রটোকল অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আধুনিক চিকিৎসাপদ্ধতির বার্তা জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের কাছেও পৌঁছে দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/dengue-prevention-priority-health-minister
