# চানখাঁরপুলে বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে একজনের মৃত্যু

*চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।*

১০ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে মারা গেছেন জয় দেব
- নিহত জয় দেব রয়েল ল্যাবরেটরিজের একজন ডিস্ট্রিবিউটর ছিলেন
- দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত জয় দেব পান্ডে (৩৮) রয়েল ল্যাবরেটরিজের (হারবাল মেডিসিন) একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুছা. গাজী জানান, বিকেলে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একই পরিবহনের আরেকটি বাস পাল্লা দিতে গিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জয় দেবের সহকর্মী মিজানুর রহমান হাসপাতালে প্রথম আলোকে বলেন, ‘জয়দেব আমার বন্ধু ও সহকর্মী। আমরা একই প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। বিকেলে ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে এসে জানতে পারি, তিনি মারা গেছেন।’

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, জয় দেবের দুই মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তাঁর পরিবার বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/chankhanrpul-bus-accident
