# বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প একনেকে উঠবে: প্রতিমন্ত্রী

*বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পটি আগামী সপ্তাহে একনেকে উপস্থাপিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পটি আগামী সপ্তাহে একনেকে উপস্থাপিত হবে।
- এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রকল্পে ব্যয় হবে ১২ হাজার ৪৪২ কোটি টাকা।
- প্রকল্পের কাজ ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।

বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণ প্রকল্পটি আগামী সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পে ব্যয় হবে ১২ হাজার ৪৪২ কোটি টাকা। প্রকল্পের কাজ ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে। প্রকল্পের জমি অধিগ্রহণে ইতিমধ্যে ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া ও ঠিকাদার নিয়োগ করতে আগামী নভেম্বর-ডিসেম্বর লেগে যাবে। এরপর মূল প্রকল্পের কাজ শুরু হবে।

এর আগে ১ জুন এলজিআরডি প্রতিমন্ত্রী প্রকল্প সংশোধন করে বগুড়া সিটি করপোরেশন এলাকা থেকে রেলপথ নেওয়া ছাড়াও রানীরহাট জংশন থেকে গাবতলী স্টেশন পর্যন্ত ১৫ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের জন্য আরও ১ হাজার ৫০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের জন্য রেল মন্ত্রণালয়ে আধা সরকারিপত্র দেন। বগুড়া থেকে রেল যোগাযোগ সরিয়ে নেওয়ার এ খবর গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/bogura-sirajganj-railway-project-to-be-presented-to-ecnec
