# ভাসানী হল সংস্কার ও মডেল টাঙ্গাইল গড়তে কাজ করে যাচ্ছি: প্রতিমন্ত্রী

*মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) বলেছেন, টাঙ্গাইলের ভাসানী হল সংস্কার ও মডেল টাঙ্গাইল গড়তে কাজ চলছে।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- ভাসানী হল সংস্কার ও মডেল টাঙ্গাইল গড়তে কাজ চলছে
- টাঙ্গাইলের সাংস্কৃতিক চর্চা ফিরিয়ে আনার উদ্যোগ
- ভাসানী হল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) বলেছেন, টাঙ্গাইলের জরাজীর্ণ ভাসানী হল সংস্কার ও মডেল টাঙ্গাইল গড়তে কাজ চলছে। শুক্রবার সকালে টাঙ্গাইলের ভাসানী হল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি ভাসানী হলের সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে দ্রুত ব্যবহার উপযোগী করার প্রত্যয় ব্যক্ত করেন। ভাসানী হল টাঙ্গাইলের জন্য ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যাঁরা বিচরণ করেন, তাঁদের অনুষ্ঠান করার মতো কোনো জায়গা নেই। মওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসের এক মহান নেতা। তাঁর স্মৃতিবিজড়িত এই ভাসানী হল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার।

ভাসানী হলের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে সুলতান সালাউদ্দিন বলেন, টাঙ্গাইলের সাংস্কৃতিক কেন্দ্র ভাসানী হল দীর্ঘদিনের অবহেলায় জৌলুশ হারিয়েছে। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন, তাই এর গুরুত্ব অনেক।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া প্রমুখ।

ভাসানী হল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যান। সেখানে তিনি দিনব্যাপী অনুষ্ঠিত একটি বিজ্ঞান উদ্ভাবনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/bhashani-hall-shongskar-model-tangaail
