# চুরির অভিযোগে মারধরের ভিডিওকে সাম্প্রদায়িক সংঘাত বলে অপপ্রচার শনাক্ত

*প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করার ভিডিওকে সাম্প্রদায়িক সংঘাত বলে চালানো অপপ্রচার শনাক্ত করেছে।*

২৪ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করার ভিডিওকে সাম্প্রদায়িক সংঘাত বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
- হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে বাংলাদেশে এক ব্যক্তিকে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে এবং তাঁর ওপরে পাথর ছুঁড়ে মারা হচ্ছে – এমন দাবি করে ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়ানো হয়েছে।
- ঘটনার সঙ্গে কোনো সাম্প্রদায়িক বা ধর্মীয় বিষয় জড়িত নয় বলে বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয়দের মারধর করার ভিডিওকে সাম্প্রদায়িক সংঘাত বলে চালানো অপপ্রচার শনাক্ত করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে বাংলাদেশে এক ব্যক্তিকে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে এবং তাঁর ওপরে পাথর ছুঁড়ে মারা হচ্ছে – এমন দাবি করে ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়ানো হয়েছে। অথচ অভিযুক্তকে মারধর করা হয়েছে চুরির অভিযোগকে কেন্দ্র করে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ঘটনার সঙ্গে কোনো সাম্প্রদায়িক বা ধর্মীয় বিষয় জড়িত নয়। চলতি বছরের ১৬ জুন ঢাকার যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড় এলাকায় মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক ও মারধর করলে এক পর্যায়ে তিনি নর্দমায় পড়ে যান। এ ঘটনাকে সাম্প্রদায়িক সংঘাত বলে অপপ্রচার চালানো হয়।

## বাংলাফ্যাক্টের ভূমিকা

উল্লেখ্য, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

## সূত্র

- BSS

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/banglafact-identifies-misinformation-about-assault-video
