# শূন্যরেখার কাছে খেতের আইলে কাঁদছেন নারীরা, শিশুরা ক্ষুধার্ত

*ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছে, তবে বিজিবি ও স্থানীয় লোকজন তা প্রতিহত করেছেন।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছে।
- বিজিবি ও স্থানীয় লোকজন তা প্রতিহত করেছেন।
- বর্তমানে ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন।

ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজন তা প্রতিহত করেছেন। বর্তমানে ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে শূন্যরেখার কাছাকাছি একটি মাঠে খেতের মধ্যে অবস্থান করছেন। তাঁদের মধ্যে নারীরা কাঁদছেন এবং শিশুরা ক্ষুধার্ত।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত এলাকার বাসিন্দা নীল চাঁদ তাঁদের কাছে বিস্কুট, কলা, পাউরুটি, দুধসহ কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা খেতে শুরু করেন। শিশু দুটি দুধ খেতে থাকে।

বিজিবি জানিয়েছে, তাঁরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাঁদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।

বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বলেন, পতাকা বৈঠকের জন্য দুই দফায় সময় দেয়। তবে বিএসএফ জানিয়েছে তারা আজকে আর বৈঠক করবে না। কাল কখন করবে, তা জানায়নি।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/bangladesh-border-push-in-attempt
